গোপালগঞ্জে ৯৩ হাজার টাকার জাল নোটসহ আটক ১

গোপালগঞ্জে ৯৩ হাজার টাকার জাল নোটসহ আটক ১

গোপালগঞ্জের মুকসুদপুরে ৯৩ হাজার টাকার জাল টাকাসহ আব্দুর রহিম ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) পূবালী ব্যাংক মুকসুদপুর শাখা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত আব্দুর রহিম ফকির মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. খোকন ফকিরের ছেলে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষযটি নিশ্চিত করেছেন।

পূবালী ব্যাংক মুকসুদপুর শাখার অ্যাডভান্স ইনচার্জ মো. হাসিবুল হাসান জানান, বৃহস্পতিবার  আব্দুর রহিম ফকির নামে ওই ব্যক্তি অনলাইনে টাকা পাঠাতে আসেন। এ সময় তিনি টাকা জমা নেয়ার জন্য তাড়া দিতে থাকেন। পরে ক্যাশ থেকে জমা নেয়ার জন্য টাকা নিলে নোটগুলো জাল হিসাবে ধরা পড়ে। এ সময় তার গতিবিধি সন্দেহ হলে আটক করে তল্লাশি চালালে ৯৩টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ জাল নোট জব্দ করে ওই ব্যক্তিকে আটক করে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ব্যাংক কর্তৃপক্ষ বিষয়টি জানালে পুলিশ ব্যাংকে গিয়ে জাল নোটসহ আব্দুর রহিম ফকিরকে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160956