রংপুরে ফুটপাত থেকে শপিংমলে সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা

রংপুরে ফুটপাত থেকে শপিংমলে সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা

রংপুর জেলা প্রতিনিধি: ঈদ যত ঘনিয়ে আসছে শপিং মলগুলোর পাশাপাশি ততই জমজমাট হয়ে উঠছে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো। নগরীর মর্ডান মোড় থেকে সিও বাজার পর্যন্ত প্রধান সড়কের পাশাপাশি বিভিন্ন স্থানে গড়ে ওঠা এসব দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও সাশ্রয়ী মূল্যে পছন্দের পোশাক খুঁজে নিতে ভিড় জমাচ্ছেন এসব দোকানে। ব্র্যান্ডের দোকানের তুলনায় দাম অনেক কম হওয়ায় ক্রেতারাও বেশ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন।

রংপুরের সবচেয়ে অভিজাত শপিং মল জিএল রায় রোড, জাহাজ কোম্পানি মোড়, সুপার মার্কেট, জেলা পরিষদ মার্কেট ও মতি প্লাজাতেও মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ক্রেতা সমাগম চোখে পড়ার মতো। পোশাকের সাথে মিলিয়ে জুতা, বেল্ট, মানিব্যাগ এবং কসমেটিকসের দোকানেও নারী-পুরুষের ভিড় লক্ষণীয়।

বাজার ঘুরে দেখা যায়, তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে বাহারি ডিজাইনের সালোয়ার কামিজ ও লং গাউন। অন্যদিকে, ছেলেদের পাঞ্জাবি ও ক্যাজুয়াল শার্টের দোকানে ভিড় সবচেয়ে বেশি। বরাবরের মতোই শিশুদের পোশাকে রঙের বৈচিত্র্য বেশি, আর অভিভাবকরা সবচেয়ে বেশি ভিড় করছেন শিশু কর্ণারগুলোতে।

নাতনির জন্য জামা কিনতে আসা গৃহিণী মকছুসা বেগম বলেন, বড় শোরুমে যে ড্রেস তিন হাজার টাকা, প্রায় একই রকম ডিজাইনের ড্রেস এখানে ৭০০-৮০০ টাকায় পাওয়া যাচ্ছে। দরাদরি করে কিনতে পারলে ফুটপাতই সেরা।

হাঁড়িপট্টি রোডের ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, দিনের বেলা কিছুটা কম থাকলেও ইফতারের পর থেকে রাত ১টা-২টা পর্যন্ত চলে বিক্রি। ভ্রাম্যমাণ বিক্রেতা মহসিন আলী বলেন, সারাদিন রোদে পুড়ে ব্যবসা করি ঠিকই, কিন্তু ঈদের এই কয়দিন বিক্রি ভালো হলে সব কষ্ট ভুলে যাই। জেলা পরিষদ সুপার মার্কেট সংলগ্ন ফুটপাতে প্যান্ট বিক্রেতা মিজানুর রহমান বলেন, গত বছরের মতোই দাম রয়েছে। দিন যত ঘনিয়ে আসছে বিক্রি ততই বাড়ছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, ঈদের কেনাকাটাকে নির্বিঘ্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পকেটমার ও ছিনতাই রোধে সাদা পোশাকে পুলিশ টহল দিচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160937