ঈদে আসছে তাদের অভিনীত ‘আদরের ভাই’ নাটক
অভি মঈনুদ্দীন ঃ আগামী ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে ঈদ বিশেষ নাটক ‘আদরের ভাই’। নাটকের মূল গল্প ভাই বোনের গল্প। নাটকে ভাই ও বোনোর চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তাহমিনা সুলতানা মৌ ও ফাতেমা হীরা। নিলয়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি।
মহিন খানের রচনা ও পরিচালনায় দুদিন আগেই রাজধানীর অদূরে পূবাইলের বিল বিলাইয়া শুটিং লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে বলে জানালেন দর্শকপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।
মৌ বলেন,‘ নাটকে আমি, নিলয়, হীরাসহ আরো দুজন শিল্পী আছেন যারা মূলত ভাই আর চার বোনের চরিত্রে অভিনয় করেছি। মূলত এই নাটকের গল্প ভাই বোনেরই গল্প। তবে এক সময় ভাইকে বিয়ে দেয়া হয়। আর তখনই ভাই বোনের সুখের সংসারে নানান সমস্যার সৃষ্টি হতে থাকে। মুহিনের গল্প সবসময়ই আসলে জীবন থেকে নেয়া গল্পই হয়। যথারীতি এই নাটকের গল্পটাও জীবন থেকে নেয়া। যদিওবা নাটকের নাম এখনো চুড়ান্ত হয়নি। তবে নাটকটি দর্শকের ভালোলাগবে এতোটুকু প্রত্যাশা করা যায়। ধন্যবাদ মুহিনকে এমন সুন্দর গল্পে আমাকে রাখার জন্য।’
এদিকে মৌ গতকাল পূবাইলেই আল হাজেনের পরিচালনায় ‘লণ্ডন ফেরত ভাই’ নাটকওে শুটিং-এ অংশ নেন। হিমি বলেন,‘ নিলয় ভাই যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর এরইমধ্যে তারসঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। তারমধ্যে এই নাটকের গল্পটা এক কথায় খুউব সুন্দর। কারণ এটি পরিবারের গল্প, ভাইকে ঘিরে বোনরদের ভালোবাসার গল্প। নাটকের নাম শুনেই হয়তো বা দর্শক অনুভব করতে পারবেন।’
ফাতেমা হীরা বলেন, ‘ এবারের ঈদে সাত পর্বের ধারাবাহিক, খন্ড নাটকে দেখা যাবে। তবে এরমসধ্যে আদরের ভাই নাটকটির গল্প সবচেয়ে সুন্দর। বিশেষত এই নাটকের শেষ দৃশ্য করার সময় আমাদের সিনেমাটোগ্রাফারের চোখে পানি চলে এসেছিলো, এতোটাই আবেগঘন দৃশ্য ছিলো। নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
মহিন খান জানান, ঈদে কোন চ্যানেলে প্রচার হবে তা এখনো চুড়ান্ত হয়নি। নাটকে আরো দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন মাফিয়া বীথি ও হীরামনি। বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার ও চিত্রলেখা গুহ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160929