জুলাই সনদ লঙ্ঘন করে ভুল বার্তা দিচ্ছে বিএনপি: সারজিস আলম

জুলাই সনদ লঙ্ঘন করে ভুল বার্তা দিচ্ছে বিএনপি: সারজিস আলম

সরকার গঠন করেই বিএনপি জুলাই সনদ লঙ্ঘনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে, যা দেশের মানুষের কাছে মোটেও সঠিক বার্তা দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সারজিস আলম বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী সংসদের স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার করা হয়েছে বিএনপি সমর্থিত এমপি ব্যারিস্টার কায়সার কামালকে। এছাড়া পূর্বের স্বৈরাচারের লেজ টেনে ধরে ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির মাধ্যমে শপথ গ্রহণ করে নতুন সরকার যাত্রা শুরু করায় আমরা মর্মাহত।’

 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ এমনকি বিএনপিরও অসংখ্য সমর্থক গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। এর মানে হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার এবং গণহত্যার বিচার হতে হবে। এসব কাজ উপেক্ষা করে বিএনপি ও বর্তমান সরকার যদি মনে করে তারা জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করে টিকে থাকতে পারবে, তবে তা কখনোই সম্ভব নয়। কেউ যদি দলীয় স্বার্থ বাস্তবায়ন ও ক্ষমতার মোহে স্বৈরাচারের পথে হাঁটতে চায়, তবে জনগণ ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করবে।’
 
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে সারজিস বলেন, ‘স্থানীয় নির্বাচনে কেউ যদি বিন্দুমাত্র প্রভাব বিস্তার বা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, তবে ১১ দলীয় জোটসহ আমরা সর্বোচ্চভাবে তা প্রতিহত করব। আমরা একবার যে ভুলের মধ্য দিয়ে গেছি, সেই শিক্ষা নিয়ে পরেরবার আর ভুল হতে দেব না।’
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু হওয়ায় আমরা নির্ভর ছিলাম যে গণনাও সুষ্ঠু হবে। কিন্তু পরিকল্পিতভাবে কিছু টার্গেটেড আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা দেখেছি বিএনপির স্থানীয় নেতাকর্মীরা সাংবাদিকের কার্ড ঝুলিয়ে ভোটকেন্দ্রে গিয়ে গণনাকে প্রভাবিত করেছে। অন্যান্য দলের প্রধান পোলিং এজেন্টদের টাকার বিনিময়ে কিনে নেয়া এবং প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টাও হয়েছে। স্থানীয় নির্বাচনে আমরা এই সুযোগ আর দেব না।’
 
বৈশ্বিক রাজনীতি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে সারজিস আলম বলেন, ‘আমেরিকা ও ইসরাইলসহ যারা মুখোশ পরে মানবতা ও গণতন্ত্রের কথা বলে বৈশ্বিক রাজনীতিতে টিকে থাকার অপচেষ্টা করছে, তারা খুব বেশিদিন টিকবে না। তারা যুদ্ধ শুরু করে অন্যের ঘাড়ে দায় চাপাবে, এটা মেনে নেয়ার মতো নয়। বিশ্বের মানুষ এখন সবকিছু বোঝে, এমনকি তাদের সামরিক বাহিনীর সদস্যরাও সাধারণ মানুষের ওপর গুলি চালাতে চায় না।’
 

তিনি আরও বলেন, ‘তারা যদি নিজেদের সংশোধন না করে, তবে বিশ্বব্যাপী প্রতিবাদের মুখে পড়বে এবং তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা চাই ইরান ও মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বে শান্তি ফিরে আসুক এবং এ জন্য যুদ্ধ বন্ধ করা আবশ্যক।’
 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160907