মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী

দলীয় সংসদ সদস্য ও তার সরকারের মন্ত্রীদের চলনে-বলনে মার্জিত ও সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  

বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় পরামর্শমূলক এ নির্দেশনা দেন তিনি।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য এ তথ্য নিশ্চিত করেন। 

তারা জানান, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন- এ বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

২০৯ জন সংসদ সদস্য অংশগ্রহণে এদিন বেলা সোয়া ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভা শুরু হয়, শেষ হয় দুপুর ১টায়। 

সভায় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এছাড়া দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বানও জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160793