গাজীপুরে ডাকাতি হওয়া ১৯ গরু ও ট্রাক উদ্ধার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতির মাত্র আধা ঘণ্টার মধ্যেই ১৯টি গরুসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ট্রাকটি ফেলে পালিয়ে গেছে । সদর থানা ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বিভিন্ন মাধ্যমে পুলিশ খবর পায় যে, ময়মনসিংহ জেলার ভালুকা থানার হাইওয়ে এলাকা থেকে অজ্ঞাতনামা ডাকাত সদস্যরা ১৯টি গরুসহ একটি ট্রাক ডাকাতি করেছে। ডাকাতরা ট্রাকের ড্রাইভার, হেলপার, গরুর রাখাল ও মালিকদের হাত-পা বেঁধে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ফেলে রেখে ট্রাকটি নিয়ে ঢাকার দিকে রওনা দেয়।
সংবাদ পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার টহল দল দ্রুত হাইওয়েতে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন ট্রাকটি দেখতে পেয়ে পুলিশ সিগন্যাল দিলে ডাকাতরা তা অমান্য করে দ্রুতগতিতে ঢাকাগামী সড়কে পালানোর চেষ্টা করে।
পরে বেতার বার্তার মাধ্যমে অন্য টহল দলকে সতর্ক করা হলে মোবাইল-১১ নাইট টহল দল ট্রাকটির পিছু ধাওয়া করে। একপর্যায়ে রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে মহানগরীর সালনা ফরেস্ট অফিসের সামনে পুলিশ ট্রাকটিকে থামার সংকেত দিলে ডাকাত সদস্যরা ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
গাজীপুর সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৪৭৮৪ এবং এতে থাকা লুণ্ঠিত ১৯টি গরুও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাত সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।