ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে তারাবো পৌরসভার খাদুন এলাকায় মহাসড়কে এ কর্মসূচি পালন করেন ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারাবো পৌরসভার খাদুন এলাকার ভুঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। মালিকপক্ষ বারবার বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি।

শ্রমিকদের দাবি, বুধবার সকালে তারা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও ঈদের বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ থাকায় ওই মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

পরে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ বৃহস্পতিবার (১২ মার্চ) শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে যান। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে কাজে যোগ দেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160762