জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, বাধা নেই কারামুক্তিতে
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (১১ মার্চ) আসামি পক্ষের আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ নিয়ে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় তিনি জামিন পেলেন। সেক্ষেত্রে কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান পপি।এর আগে, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। ২৮ জানুয়ারি তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গত ৫ মার্চ তিনি হাইকোর্ট থেকে জামিন পান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160728