টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে স্কুলের ৬ তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার শহিদ ক্যাডেট স্কুলের অ্যাকাডেমিক ভবনের ছয় তলা থেকে পড়ে মুহিদুল ইসলাম লামিত নামে এক শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে আহত হওয়ার পরে মুহিদুলকে স্কুলের কর্তব্যরত শিক্ষকরা দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুহিদুল ভূঞাপুর উপজেলার নিকরাইল এলাকার বাসিন্দা সোহেল রানার ছেলে। 

নিহত শিক্ষার্থীর দাদা ও চাচা অভিযোগ করে বলেন, শিক্ষকদের অবহেলা ও যথাযথ তদারকির অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। আরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

স্থানীয় কয়েকজন অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, স্কুল কর্তৃপক্ষ যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথভাবে নজরদারি করত, তাহলে এমন মর্মান্তিক ঘটনা হয়তো এড়ানো সম্ভব হতো।

এ বিষয়ে শহিদ ক্যাডেট স্কুলের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কীভাবে এটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160610