ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

ইরানের পাঁচ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়ান কাপে জাতীয় সংগীত গাননি ইরানের ফুটবলাররা। সেই ঘটনার জেরে দেশে ফিরলে শাস্তির মুখে পড়ার শঙ্কা তৈরি হয় নারী খেলোয়াড়দের। এমন আশঙ্কায় ইরানের নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে অবস্থানের অনুমতি পাওয়ায় আপাতত অস্ট্রেলিয়াতেই থাকছেন তারা। নারী এশিয়ান কাপ খেলতে বর্তমানে কুইন্সল্যান্ডে অবস্থান করছে দলটি।

সোমবার এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই পাঁচ ফুটবলারকে জানানো হয়েছে, তারা অস্ট্রেলিয়ায় নিরাপদ এবং চাইলে এখানেই স্থায়ীভাবে থাকতে পারেন। ভিসা পাওয়া পাঁচ সদস্য হলেন-অধিনায়ক জাহরা ঘানবারি, মিডফিল্ডার ফাতেমাহ পাসানদিদেহ, জোহরা সারবালি আলিশাহ, মোনা হামুদি এবং ডিফেন্ডার আতেফা রমজানিজাদে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দলের বাকি সদস্যরা গোল্ড কোস্টের একটি হোটেলে অবস্থান করছেন। তাদেরও অস্ট্রেলিয়ায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ইরান এরই মধ্যে গ্রুপ পর্বে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। 

জাতীয় সংগীত না গাওয়ার ঘটনাটা ঘটেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে! তখন ইরানের জাতীয় সংগীত বাজার সময় নীরব দাঁড়িয়ে ছিলেন এই ফুটবলাররা। এই ঘটনার পর ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র একজন ধারাভাষ্যকার একে ‘চরম অবমাননা’ হিসেবে অভিহিত করেন। এর ফলে দেশে ফিরলে তাদের কঠোর শাস্তির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়। তারপর থেকে বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, পাঁচজনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাকিদের প্রক্রিয়া চলছে। তবে পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে কেউ কেউ দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানান তিনি।

এর আগে ট্রাম্প অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রীকে ফুটবলারদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, তাদের ইরানে ফেরত পাঠানো হবে একটি ‘ভয়াবহ মানবিক ভুল’। কারণ, সেখানে তাদের প্রাণনাশের ঝুঁকি রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160585