বাবাকে নিয়ে শ্বশুরবাড়িতে চুরি, হাতেনাতে ধরা পড়ল জামাই
নেশার টাকার জোগান দিতে বাবাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে স্বর্ণালংকার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে নেত্রকোনার মদন পৌরশহরের শ্যামলী এলাকায়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
আটকরা হলেন গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।
পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে মদন পৌরশহরের বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বিয়ে করেন তরুণ। বিয়ের পর স্ত্রী ও বাবাকে নিয়ে মদনে ভাড়া বাসায় বসবাস শুরু করেন তিনি। এ সময়ের মধ্যে তরুণ মাদকাসক্ত হয়ে পড়েন। এক সপ্তাহ আগে নেশার টাকার জন্য বাপ-ছেলে মিলে শ্বশুরবাড়ি থেকে লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করেন। পরে রোববার রাতে আবার চুরি করতে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়েন।
তরুণ চন্দ্র কর্মকার বলেন, আগে নেশা করতাম, তবে এখন করি না। তবে স্বর্ণালংকার নেওয়া আমাদের ঠিক হয়নি।
বরুণ চন্দ্র কর্মকারও স্বীকার করেন, টাকার চাপে স্বর্ণালংকার নিয়ে বিক্রি করেছেন।
ভুক্তভোগী অমূল্য চন্দ্র দাস জানান, জামাই বিয়ের পর থেকেই মেয়ের স্বর্ণালংকার বিক্রি করে দিয়েছে। পরে আবার বাপ-ছেলে মিলে তার ঘর থেকেও স্বর্ণালংকার চুরি করে বিক্রি করেছে। এ ঘটনায় মামলা করা হবে।
মদন থানার ওসি হাসনাত জামান বলেন, আত্মীয়তার সম্পর্ক থাকায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ভুক্তভোগীদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160559