চিকিৎসকদের সম্মানে এনডিএফ বগুড়ার ইফতার মাহফিল

চিকিৎসকদের সম্মানে এনডিএফ বগুড়ার ইফতার মাহফিল

ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়া শাখা আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৯ মার্চ) বিকেলে বগুড়ার একটি চাইনিজ রেষ্টুরেন্টে সাধারণ সম্পাদক ডা. মাহবুব রহমান সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হক সরকার।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বিশিষ্ট সার্জন ডা. সলিমুল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নুর-ই সাদিদ, ডা. সিলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, রমজানের শিক্ষা ধারণ করে মানবিক রাষ্ট্র গঠনে চিকিৎসকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস।

এই মাস আমাদের শেখায় কীভাবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সততা, ন্যায় ও দায়িত্ববোধ প্রতিষ্ঠা করতে হয়। একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়কারী নন, তিনি সমাজের বিবেক। চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা একটি আদর্শ রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160545