শহীদ রাষ্ট্রপতি জিয়ার খাল খনন কর্মসূচি কৃষকের জন্য আশীর্বাদ : এমপি মোশারফ হোসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে নতুন করে পুন:খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থা সহজ করতে আজ সোমবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার নামুইট খালে ১২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ১.৭৫ কিলোমিটার পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
উদ্বোধন কালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। এই কর্মসূচি কৃষকের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেছে। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও এই কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন। তিনি আরও বলেন, নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পর্যায়ক্রমে পূণ:খনন করা হবে।
এতে কৃষকদের সেচ সমস্যা কমবে, পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি উৎপাদন বাড়বে। আমরা চাই নন্দীগ্রামকে কৃষি সমৃদ্ধ এলাকায় পরিণত করতে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও এই খাল পুন:খনন কার্যক্রম শুরু হওয়ায় কৃষকদের মধ্যে নতুন আশাবাদ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, খালটি পুন:খনন করা হলে সেচ ব্যবস্থা সহজ হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী, উপজেলা প্রকৌশলি নুরনবী খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো: ফজলুল করিম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-বিভাগীয় প্রকৌশলী সোহেল রানা, আসাদুল হক ও সাজ্জাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন এবং পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন নন্দীগ্রাম ২০ শয্যা হাসপাতাল পরিদর্শন করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160541