দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র বিশেষ অভিযানে অর্ধশতাধিক ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহলদল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৩/৮-এস হতে আনুমানিক ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেড়াগাঁও নামক এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের বর্তমান মূল্য ৫০ হাজার ২শ’ টাকা।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160528