ঝিনাইদহে বাসে আগুন-ফিলিং স্টেশন ভাঙচুর: বৈষম্যবিরোধীর ৭ নেতা আটক
ঝিনাইদহে ফিলিং স্টেশন ভাঙচুর ও বাস পোড়ানোর মামলায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবনসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৯ মার্চ) দুপুরে বাস মালিকদের পক্ষে সাইফ নোমান এবং আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনের পক্ষে শামসুল কবীর মিলন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা করেন।
গণমাধ্যমে পাঠানো ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবন, যুগ্ম আহ্বায়ক এজাজ হাসান অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, তাশদিদ হাসান ও রাসেল।
জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (৭ মার্চ) ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদের তাজ ফিলিং স্টেশনে পেট্রোল নিতে গিয়ে কর্মচারীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহম্মেদ নীরব নিহত হন।
এ ঘটনায় র্যাব ও পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফিলিং স্টেশনের তিন কর্মচারীকে গ্রেপ্তার করে। নীরব হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা আওয়ামী লীগ নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন ভাঙচুরের চেষ্টা চালায়। কিন্তু পুলিশের তৎপরতায় ব্যর্থ হয়ে তারা একই মালিকের শহরের আরাপপুর সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
শনিবার রাত সোয়া ৩টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা জে-লাইন পরিবহনের একটি এবং রয়েল পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, পেট্রোল পাম্প ভাঙচুর ও তিনটি বাস পোড়ানোর ঘটনায় সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা হয়।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক তারেক রেজা জানান, প্রতিটি অপরাধই আইনের দৃষ্টিতে খারাপ। আমরাও চাই প্রকৃত অপরাধীর বিচার হোক।
তিনি বলেন, 'ফিলিং স্টেশন ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় যাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাদের মধ্যে অনেকেই নিরপরাধ থাকতে পারেন। ফলে আইনের প্রয়োগ যেন সঠিকভাবে হয়।'
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160511