ইরান যুদ্ধ থেকে বিপুল অর্থ লাভ করবে যুক্তরাষ্ট্র: সিনেটর গ্রাহাম

ইরান যুদ্ধ থেকে বিপুল অর্থ লাভ করবে যুক্তরাষ্ট্র: সিনেটর গ্রাহাম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেছেন, ইরানের বর্তমান সরকার পতন হলে মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হবে এবং সেখান থেকে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ উপার্জন করতে পারবে।

গতকাল রবিবার (৮ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সরকারকে ক্ষমতা থেকে সরাতে অর্থ ব্যয় করাও সার্থক। তার ভাষায়, 'এই সরকার পতন হলে মধ্যপ্রাচ্যে নতুন পরিস্থিতি তৈরি হবে এবং আমরা অনেক অর্থ আয় করব।

দীর্ঘদিন ধরে বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের পক্ষে অবস্থান নেওয়া গ্রাহাম ইঙ্গিত দেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের প্রচেষ্টা মূলত ওই দুই দেশের বিশাল তেল সম্পদের ওপর প্রভাব বিস্তারের সঙ্গে সম্পর্কিত। 

তিনি বলেন, ভেনেজুয়েলা ও ইরানের কাছে বিশ্বের প্রায় ৩১ শতাংশ তেলের মজুত রয়েছে। যুক্তরাষ্ট্র যদি এই সম্পদের সঙ্গে অংশীদার হতে পারে, তবে তা চীনের জন্য 'দুঃস্বপ্ন' হবে এবং এটি যুক্তরাষ্ট্রের জন্য 'ভালো বিনিয়োগ' হবে।

গ্রাহাম দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে কথা বলে আসছেন এবং তিনি মার্কিন প্রশাসনের ইরানবিরোধী সামরিক পদক্ষেপের অন্যতম জোরালো সমর্থক হিসেবে পরিচিত।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160509