টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে কত টাকা পেল ভারত

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রীতিমতো নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত। ৯৬ রানের বড় ব্যবধানে হারিয়ে উঁচিয়ে ধরেছে রেকর্ড গড়া শিরোপা। টানা দ্বিতীয় আর বিশ্বকাপের সর্বোচ্চ তিনটি শিরোপা জিতে নেচে-গেয়ে উদযাপন করেছেন ক্রিকেটাররা। সেই আনন্দকে হয়তো আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে আইসিসি থেকে পাওয়া অর্থ পুরষ্কার।

আইসিসি এবারের আসরে বিজয়ীদের জন্য বড় অঙ্কের অর্থ পুরস্কার বরাদ্দ রেখেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আগেই ঘোষণা দিয়েছিল যে, এবারের বিশ্বকাপের জন্য মোট প্রাইজমানি রাখা হয়েছে প্রায় ১৬০ কোটি টাকা। গত আসরের তুলনায় এবার পুরস্কারের পরিমাণ বাড়ানো হয়েছে ২০ শতাংশ।

ফাইনালে জিতে ভারত সেখান থেকে বড় অংকের অর্থ পাচ্ছে। কারণ, এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি রাখা হয়েছে প্রায় ৩৬ কোটি ৫৭ লাখ টাকা। অন্যদিকে, শিরোপা হাতছাড়া করা রানার্সআপ দলও খালি হাতে ফিরবে না। তাদের জন্য প্রাইজমানি রাখা হয়েছে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।

এছাড়া টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে বিদায় নেওয়া দলগুলোর জন্যও রয়েছে নির্দিষ্ট প্রাইজমানি। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের প্রত্যেকে পাবে প্রায় ৯ কোটি ৬৩ লাখ টাকা। সুপার এইট পর্ব থেকে বাদ পড়া দলগুলোর পকেটে ঢুকবে ৪ কোটি ৬৩ লাখ টাকা করে।

অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম পর্ব বা গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও পাবে প্রায় ৩ কোটি টাকা করে।

এর বাইরে গতবার ভারত যখন বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) খেলোয়াড়দের জন্য বাড়তি ১২৫ কোটি রুপি বোনাস ঘোষণা করেছিল। এবার হয়ত সেই পরিমাণ আরও বাড়তে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160508