চট্টগ্রামে বাস খাদে পড়ে নিহত ৩
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ সোমবার, ৯ মার্চ বিকেলে খাগড়াছড়ি-ফটিকছড়ি সড়কের পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে আসছিলো। ফটিকছড়ির পাইন্দং এলাকায় ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে জমিতে পড়ে যায়। মোটরসাইকেলটি গিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়।
পরে হতাহতদের উদ্ধার করে স্থানীয় জনতা ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা মোটরবাইক যাত্রী।
পরে ফটিকছড়ি থেকে গুরতর আহত বেশ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।