ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান
স্পোর্টস ডেস্ক : এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি ম্যাচে ১-০ ব্যবধানে জিতে সিরি আ-এর শীর্ষে থাকা ইন্টারের সঙ্গে ব্যবধান সাত পয়েন্টে নামিয়ে এনেছে মিলান।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে। পারভিস এস্তুপিনানের জোরালো শটেই জয় নিশ্চিত হয় মিলানের। এই জয়ের মাধ্যমে ২০১১ সালের পর প্রথমবারের মতো লিগে ইন্টারের বিপক্ষে একই মৌসুমে দুই ম্যাচই জিতল তারা। এই ফলাফলে শহরের ঐতিহ্যবাহী এই ডার্বিতে ইন্টারের জয়হীন ম্যাচের সংখ্যা দাঁড়াল সাতটিতে। অন্যদিকে মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি দুই দফায় দায়িত্ব পালন করে ডার্বিতে দশ ম্যাচে পঞ্চম জয় পেলেন।
ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মিলান। ইন্টারের গোলরক্ষক ইয়ান সোমার ভুলে বল পেয়ে যান লুকা মদ্রিচ। তবে তার শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। লিগে এর আগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল ইন্টার। নভেম্বরে মিলানের কাছে ১-০ গোলে হারের পর থেকে তারা প্রতিটি ম্যাচেই গোল পেয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির ছন্দ কিছুটা নড়বড়ে হয়ে গেছে। কোচ ক্রিশ্চিয়ান শিভুর দল সম্প্রতি ইউরোপের প্রতিযোগিতার প্লে-অফ পর্বে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমতের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায়। এছাড়া ইতালির কাপ প্রতিযোগিতার সেমিফাইনালের প্রথম লেগে কোমো-১৯০৭’র সঙ্গে গোলশূন্য ড্র করে।
রোববারের ম্যাচে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল ইন্টার। হেনরিখ এমখিটারিয়ান প্রায় ৪০ গজ দৌড়ে মিলানের ডিফেন্স ভেঙে বক্সে ঢুকে পড়েন। কিন্তু তার দুর্বল শট সরাসরি গোলরক্ষক মাইক মাইগনানের গায়ে লেগে যায়। এর ঠিক এক মিনিট পরেই গোল পেয়ে যায় মিলান। মাঝমাঠ থেকে নিখুঁত পাস বাড়ান ইউসুফ ফোফানা। সেই পাস ধরে ডান দিক দিয়ে উঠে আসা এস্তুপিনিয়ান প্রতিপক্ষ ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়িয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পায় মিলান। ক্রিশ্চিয়ান পুলিসিচের নিচু ক্রসে বল পান অ্যারেক্সিস সিলমেকার্স, কিন্তু চাপের মুখে তার শট লক্ষ্যে রাখতে পারেননি। বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় মিলান। পুলিসিচের দারুণ দৌড়ে তৈরি সুযোগে শট নেন রাফায়েল লিয়াও, তবে বল লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ফোফানার জোরালো শটও দারুণভাবে ঠেকান সোমার।
শেষ দিকে ইন্টার সমতায় ফেরার চেষ্টা চালায়। অ্যাঙ্গে-ইওয়ান বোনির হেডবারের ওপর দিয়ে চলে যায়। যোগ করা সময়ে পিও এসপোজিতো বক্সে ঘুরে দাঁড়িয়ে ভলি নিলেও সেটিও বাইরে চলে যায়। শেষ পর্যন্ত লড়াই করে জয় ধরে রাখে এসি মিলান। এই গুরুত্বপূর্ণ জয়ের ফলে শিরোপা দৌড়ে ইন্টারের ওপর চাপও বাড়িয়ে দিল তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160419