বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন
স্টাফ রিপোর্টার : ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বগুড়া জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) এবং সনাকের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক তাঞ্জিমা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, দারিদ্রতা ও অযোগ্যতা আমাদের সমাজে নারী নির্যাতন কিংবা নারীর ক্ষমতায়নের পথে অন্যতম একটি বাধা।
দক্ষতা কিংবা যোগ্যতার অভাব থাকলে সরকারি চাকরি না হলে একটা সময় অনেকে রাষ্ট্রকে দোষ দেয় যা কোনভাবেই কাম্য নয়। কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের প্রথমেই নারীদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। শুধু শহরকেন্দ্রিক নয় ভাবতে হবে তৃণমূল বিশেষ করে চরাঞ্চলের নারীদের ভাগ্যের উন্নয়নের কথাও। দেশের যে কোন প্রান্তেই কন্যা শিশু বা নারী নির্যাতনের ঘটনা ঘটলে অন্য সকলের মত তাদের হৃদয়েও রক্তক্ষরণ হয়। তবে অনেকসময় তাৎক্ষণিক বিচার চাইলে তা দেয়া সম্ভব হয় না।
কারণ সবকিছুই একটা বিচারিক ব্যবস্থার মধ্য দিয়ে করতে হয়। তবে এক্ষেত্রে বিচারে যেন দীর্ঘসূত্রিতা না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে। সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সনাক বগুড়ার সহ-সভাপতি জাকিয়া সুলতানা, ব্র্যাকের জেলা সমন্বয়ক বাবলি সুরাইয়া, রোপ বগুড়ার নির্বাহী পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী, ডাব্লিউডিডিএফ এর বগুড়া শাখা সমন্বয়কারী আব্দুল্লাহ আল ফয়সাল, লাইট হাউজের প্রজেক্ট ম্যানেজার মুশফিকুর রহমান, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থা থেকে আগত নারী নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160398