চাঁপাইনবাবগঞ্জে ড্রেন খননকালে দেয়াল চাপা পড়ে শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্টপাড়া মহল্লার ভেতরে সড়কপাশে পৌরসভার ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় দেয়াল চাপায় নাইরুল ইসলাম(২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে। তিনি সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের অরুনবাড়ি বেহুলা মহল্লার মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ৯/১০ জন শ্রমিক গভীর খনন কাজ করার সময় আচমকা পাশ থেকে একটি দেয়াল ধসে নিচে দেবে গিয়ে নাইরুলের মাথার উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160390