জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে ,আগামীর নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটের ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় যাওয়ার পর বিএনপি সরকার জুলাইয়ের আন্দোলনের চেতনা ভুলে গেছে। তিনি বলেন, জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে এবং আগামীর নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে।
আজ রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর একে স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, সামনে অনুষ্ঠিতব্য জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এসব নির্বাচনে মানুষ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করবে।
রমজানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পবিত্র কোরআন রমজান মাসেই নাজিল হয়েছে এবং এটি শুধু তেলাওয়াতের জন্য নয়, বরং মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত কোরআনের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি তাকওয়াবান ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়া যায়, তাহলে সমাজ থেকে অন্যায়-অবিচার ও দুর্নীতি অনেকটাই কমে যাবে। ওসি, ডিসি, এমপি ও মন্ত্রীসহ দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিরা যদি ন্যায়পরায়ণ হন, তাহলে সমাজে অনিয়মের সুযোগ কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ইসলামী মূল্যবোধের পক্ষে একটি জনমত তৈরি হয়েছিল এবং মানুষ সেই অনুযায়ী ভোটও দিয়েছিল। কিন্তু সেই ভোটের প্রতিফলন দেখা যায়নি।
বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মাওলানা ফখরুদ্দিন খান রাজী, মাস্টার আব্দুল মান্নান, মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল এবং মাওলানা মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাঈম, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক।