২৭ মার্চ শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশিত
গুচ্ছভুক্ত (জিএসটি) দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মার্চ (শুক্রবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'সি' ইউনিট (বাণিজ্য) এর ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হবে।
শনিবার (৭ মার্চ) জিএসটির নেতৃত্বে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাকাডেমিক শাখার উপ রেজিস্ট্রার (শিক্ষা) শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৭ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'সি' ইউনিট (বাণিজ্য), ৩ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'বি' ইউনিট (মানবিক), ১০ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত 'এ' ইউনিট (বিজ্ঞান) এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক (ড্রইং) পরিক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র 'ডি' ইউনিটের (ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা আগামী ১১ এপ্রিল বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক বলেন, আমাদের সময়সূচি আগে থেকেই ঠিক করা ছিল। তবে, আমরা আজ নোটিশের মাধ্যমে বিষয়টি চূড়ান্তভাবে সকলকে অবহিত করলাম। এর মাধ্যমে সকলের সহযোগিতা নিয়ে আমরা সামনে আগাতে চাচ্ছি। যেহেতু এবার আমরা নেতৃত্বে আছি, তাই দায়িত্ব একটু বেশি ই। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160356