নিউজিল্যান্ডের প্রথম নাকি ভারতের তৃতীয় শিরোপা ?
স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের আহমেদাবাদের ঐতিহাসিক নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের তিনটি আলাদা ফরম্যাটের ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে এই দুই দল। এর আগে ২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির (ওয়ানডে) ফাইনালে একে অপরকে মোকাবেলা করেছিল তারা।ভারত এর আগে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে (২০০৭ সালে প্রথম আসরে এবং ২০২৪ সালে সর্বশেষ আসরে)। অন্যদিকে একবার ফাইনালে (২০২১ সালে) উঠলেও নিউজিল্যান্ড কখনও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের মধ্যে এখন পর্যন্ত ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের পাল্লাই ভারি। ভারত জিতেছে ১৮টি ম্যাচ, নিউজিল্যান্ড জিতেছে ১১টি এবং একটি ম্যাচ টাই হয়েছে।নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ শক্তিশালী। ১৫টি ম্যাচের মধ্যে ভারত জিতেছে ১১টিতে। দুই দলের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল চলতি বছরের ৩১ জানুয়ারি। সেই ম্যাচে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৭১ রান করে নিউজিল্যান্ডকে ৪৬ রানে হারিয়ে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয়।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড মোটেই ভালো নয়। এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ২০২১ সালে দুবাইয়ে। সেই ম্যাচে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে মাত্র ১১০/৭ রান করে। জবাবে নিউজিল্যান্ড ১৪.৩ ওভারেই লক্ষ্য পূরণ করে ম্যাচ জিতে নেয়।আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের টি-টোয়েন্টি রেকর্ডও বেশ ভালো। এখানে ১০টি ম্যাচ খেলে ভারত জিতেছে ৭টিতে। এই মাঠে ভারতের সর্বোচ্চ স্কোর ২৩৪/৪, যা ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা হয়েছিল। সেই ম্যাচে শুভমান গিল অপরাজিত ১২৬ রান করেছিলেন।
তবে ভারতীয় সমর্থকদের জন্য উদ্বেগের বিষয় হলো, ২০২৩ সালের নভেম্বর থেকে আইসিসি ইভেন্টে ভারতের মাত্র দুটি হার রয়েছে এবং দুটি হারই এসেছে এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে। সেই হারটি এসেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, আর সেটিও হয়েছিল আহমেদাবাদের এই স্টেডিয়ামেই।এখন দেখার বিষয়, ইতিহাস বদলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত তৃতীয় শিরোপা জিতবে? নাকি প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে নিউজিল্যান্ড?
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160264