স্থলবন্দরগুলোতে পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপা শুরু বিজিবি’র
পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার, তল্লাশি ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
পঞ্চগড় প্রতিনিধি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার সম্ভাব্য পাচার রোধে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় টহল ও তৎপরতা জোরদার করেছে বিজিবি। একই সাথে পঞ্চগড়ের ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন বাংলাবান্ধা স্থলবন্দর ও বিভিন্ন সীমান্ত এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি জানায়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দেশের একমাত্র চার দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার রোধে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদের তল্লাশির পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পঞ্চগড়, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকসমূহের ওপর বিজিবি কর্তৃক নিবিড় নজরদারি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বন্দরে প্রবেশ ও প্রস্থানের সময় ট্রাকগুলোকে অধিক সতর্কতার সাথে তল্লাশি করা হচ্ছে, যাতে কোনোভাবে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন বা পাচারের সুযোগ না থাকে। তিনি আরো জানান, বিজিবি দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সাথে সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জ্বালানি তেল পাচার রোধে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমাদানি পণ্যবাহী ভারতীয় ট্রাকের তেল মাপাা শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (৭ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শনিবার সকাল থেকে বন্দরের বিজিবি চেকপোস্টে ভারত থেকে আসা প্রতিটি আমদানি পণ্যবাহী ট্রাকের তেল গেজ দিয়ে মেপে খাতায় এন্ট্রি করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। পরে ওই ট্রাক পণ্য খালাস করে খালি অবস্থায় ভারতে ফেরত যাবার সময় পূণরায় তেল মাপা হচ্ছে।
এতে ট্রাকের জ্বালানি তেলের ট্যাংকে ভারতে তেল পাচারের সুযোগ থাকছে না। অধিনায়ক কিবরিয়া আরও বলেন, এ ধরণের নজরদারি কার্যক্রম অব্যহত থাকবে। বন্দর পরিচালনাকারী বেসরকাররি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, বন্দরে গড়ে প্রতিদিন গড়ে প্রায় ৩শ’ ভারতীয় ট্রাক আসে। গত বৃহস্পতিবার বন্দরে ৩৩৭ ট্রাক আমদানি পণ্যবাহী ভারতীয় ট্রাক প্রবেশ করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160235