কিশোরগঞ্জে পাগলা মসজিদ কাণ্ডে কৃষকদল নেতা বহিষ্কার
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে সাংবাদিকদের উপর হামলা ও নিলামে গরু কিনে এক বছরেও মূল্য পরিশোধ না করা অভিযোগে অভিযুক্ত মো. জীবন মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কৃষকদল।
আজ শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর পৌর কৃষকদলের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জীবন মিয়াকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম এবং সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মসজিদ প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাগলা মসজিদের নিলামে জীবন মিয়া ৫৫ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন। নিলামের নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করার কথা থাকলেও প্রায় এক বছর পরও তিনি ওই অর্থ পরিশোধ করেননি।
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ জানান, গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার তাগাদা দেওয়া হলেও তা পাওয়া যায়নি। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে জীবন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে জীবন মিয়া ও মনা নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160226