বগুড়ার সোনাতলায় কুঠির শিল্পে জড়িত হয়ে ভাগ্য পরিবর্তন করেছে বিশু
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় কুঠির শিল্পের কাজ করে ভাগ্য পরিবর্তন করেছেন উত্তর করমজা গ্রামের সাজেদুল ইসলাম বিশু মন্ডল। প্রতি মাসে তিনি এখন ৫০-৬০ হাজার টাকা আয় করেন। এতে করে তার ৪ সদস্যের পরিবার চলে দুধে-ভাতে।
উপজেলা সদর থেকে ৯/১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত উত্তর করমজা গ্রাম। ওই গ্রামের মৃত আমছার আলী মন্ডলের ছেলে সাজেদুল ইসলাম বিশু মন্ডল (৪২) দীর্ঘ ৪-৫ বছর আগে পৈত্রিক পেশা কুঠির শিল্পের কাজ বেছে নেয়। প্রথমে যতসামান্য পুঁজি দিয়ে শুরু করেন কুঠির শিল্পের কাজ।
এখন তিনি তিনটি স্থানে পসরা বসিয়ে কুঠির শিল্পের (হাতের তৈরি বাঁশ ও প্লাস্টিকের হরেক রকমের নিত্য প্রয়োজনীয়) জিনিস পত্রের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তার হাতের তৈরি জিনিস পত্র হচ্ছে, বাঁশের তৈরি তালাই, ডালা, কুলা, হোচাঁ, বাঁশের ঝুপড়ি, গোমাই, প্লাস্টিকের তৈরি হরেক রকমের জিনিস তৈরি করে খুচরা ও পাইকারি বিক্রি করে ভাগ্যের চাকা ঘুরাতে পেরেছেন।
এ বিষয়ে সাজেদুল ইসলাম বিশু মন্ডল বলেন, আমি যতসামান্য শিক্ষাকে পুঁজি করে বছর পাঁচেক আগে কুঠির শিল্পের কাজ শুরু করি। এটি আমার মুল পেশা। বাড়ির সামান্য জায়গা জমি থাকলেও আমার কোনো ফসলি জমি নেই।
তাই আমি ঘরে বসেই বাঁশ ও প্লাস্টিকের তৈরি হরেক রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র তৈরি ও বিক্রি করে মাসে প্রায় ৫০-৬০ হাজার টাকা রোজগার করতে পারি। এতে করে আমার ৪ সদস্যের সংসার চলে বেশ ভালো।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160211