বগুড়ার দুপচাঁচিয়ার দর্জিপাড়া সেলাই মেশিনের শব্দে মুখর
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরকে সামনে রেখে দর্জির দোকানগুলো মহাব্যস্ততা। দিন ও রাত বলে কোনো কথা নেই, সমানে চলছে কাজ। দর্জিপাড়ায় সেলাই মেশিনের শব্দে এখন মুখরিত।
বগুড়া পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক এলাকা হিসাবে দুপচাঁচিয়া উপজেলার পরিচিতি বিস্তৃত। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভাল হওয়ায় জেলা শহরের সাথে পাল্লা দিয়ে এই উপজেলায় বেশ কিছু নামী-দামী টেইলার্স প্রতিষ্ঠিত হয়েছে। উপজেলা সদরে সিও অফিস এলাকা, বন্দর তে মাথা, শহরতলা, পুরাতন বাজার, থানা বাস ষ্ট্যান্ড, মেইল বাসষ্ট্যান্ড এলাকায়।
এবার রোজার শুরু থেকেই উপজেলার টেইলার্সগুলোতে ছেলেদের পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, আর মেয়েদের থ্রি পিছ, ব্লাউজ, বোরকা তৈরীর অর্ডার আসতে থাকে। রোজার শুরু থেকেই টেইলার্সগুলোতে অর্ডারের চাপ বাড়তে থাকে।
এ ব্যাপারে লিড টেইলার্সের স্বত্বাধিকারী মনছুর আলী, মোমিন টেইলার্স এন্ড ক্লথ ষ্টোর এর মালিক মিজানুর রহমান মিজান, সেঞ্চুরী টেইলার্সের স্বত্বাধিকারী এসএম রায়হান জানান, কারিগরদের (দর্জির) মজুরি, দোকান ভাড়া, সুতার দাম বৃদ্ধিসহ বিদ্যুৎ ও জেনারেটারে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় মজুরি কিছুটা বাড়ানো হয়েছে।
গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা গেছে, এসব এলাকার টেইলার্স এর কাটিং মাস্টাররা কাপড় কাটছে। যেন দম ফেলারও সময় নেই। আর আপন মনে পোশাক সেলাইয়ে ব্যাস্ত কারিগরেরা। ঈদের আগে কাষ্টমারদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার তাগিদ রয়েছে। কাস্টমাররা যাতে সময়মত নতুন পোশাক পান সে জন্যই নির্ঘুম রাত কাটছে কারিগরদের। উপজেলার সর্বত্র দেখা গেছে একই দৃশ্য। বিভিন্ন দোকানের কারিগররা ওভার টাইম করছে।
কাজের ওপর ভিত্তি করে তাদের মজুরিও বেশি হচ্ছে। এ ব্যাপারে কাটিং মাস্টার আব্দুল মান্নান, লুৎফর রহমান ও কারিগর আব্দুল জলিল, মানিক মিয়া, আবুল হোসেনসহ অনেকেই জানান, সারা বছর খুব একটা কাজকাম হয় না। এই রমজান মাসেই একটু কাজ হয়।
অনেক কারিগরই এই রমজান মাসের জন্য অপেক্ষায় থাকে। আর তাই কিছু টাকা বেশি আয় করতেই একটু বেশি পরিশ্রম করছে। যতো পরিশ্রম করবে ততো আয় হবে এই আশায় অনেক কারিগরই অর্ডার নেওয়া কাপড়গুলো নির্ধারিত সময়ে টেইলার্স মালিকের কাছে সরবরাহ করতে নির্ঘুম রাতও পার করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160209