তেল আবিবসহ মধ্য ইসরায়েলে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বৃহত্তর তেল আবিব এবং মধ্যাঞ্চলের বিস্তীর্ণ অংশ লক্ষ্য করে মিসাইল উৎক্ষেপণ শনাক্ত করেছে দেশটির সামরিক বাহিনী। শনিবার (৭ মার্চ) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, তেল আবিবসহ জনবহুল এলাকাগুলোতে হামলার সতর্কতা জারি করা হয়েছে। এর আগে দক্ষিণ ইসরায়েলসহ দেশের বিভিন্ন প্রান্তেও একই ধরনের মিসাইল হামলা শনাক্ত করা হয়। শুক্রবার (৬ মার্চ) সকালে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে।
শুক্রবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইআরজিসি-র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েইনি বলেন, শত্রুপক্ষ ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে এখনো অন্ধকারে রয়েছে। ইরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির যে ভাণ্ডার গড়ে তুলেছে, তা যেকোনো বড় ধরনের আগ্রাসন মোকাবিলায় সক্ষম। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160133