স্যালাইন ভেবে কীটনাশক মেশানো সরবত খেয়ে মা-ছেলেসহ হাসপাতালে ৩
ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য বাড়িতে রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি কাওলা এলাকায় ঘটনাটি ঘটে। অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তারা হলেন-চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা মো. আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই ছেলে স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।
স্থানীয় বাসিন্দা আলামিন ইসলাম জানান, ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে দেওয়ার জন্য বাড়িতে রাখা কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে মিশিয়ে সরবত তৈরি করে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। কিছুক্ষণ পর পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। মর্জিনা বেগমের স্বামী ঢাকায় থাকায় প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
অপর প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, আলু ক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক একসঙ্গে থাকার কারণে ভুলবশত দুটোই পানিতে মিশিয়ে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের হাসপাতালে পৌঁছে দেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান জানান, রাত সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং আগামী ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160118