দিনাজপুরে স্টবেরি চাষে কৃষকের সাফল্য

দিনাজপুরে স্টবেরি চাষে কৃষকের সাফল্য

দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরল উপজেলার রাণী পুকুর ইউনিয়নের শিবপুর গ্রামের কৃষক ছামিউল ইসলাম(৩৬) দ্বিতীয় বারের মতো সফলতার সাথে বাণিজ্যিকভাবে চাষ করেছেন বিদেশি স্ট্রবেরি। এরআগেও তিনি স্টবেরি চাষ করে ব্যাপক সাফল্য লাভ করেছেন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও শস্য) মো. মোস্তাফিজুর গত বুধবার রাতে জানান, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেনের নেতৃত্বে একটি টিম এ বিদেশি স্ট্রবেরি ফল চাষের ক্ষেত সরেজমিনে পরিদর্শন করে সফলতার বাস্তব চিত্র পেয়েছেন।

তিনি বলেছেন, এরমধ্যে বিদেশি স্টবেরি ফল চাষে ব্যাপক সাড়া ফেলেছেন উদ্যোক্তা ছামিউল ইসলাম। তার সফলতা দেখে স্ট্রবেরি চাষে উৎসাহিত হচ্ছেন ঐ এলাকার অনেক যুবক ও কৃষক। তিনি দাবি করেন এই বিদেশি ফল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে কাজ করছেন জেলা কৃষি বিভাগ।

সূত্র জানায়, ছামিউল ইসলাম কয়েক বছর ধরে উচ্চ ফলনশীল বিভিন্ন লাভজনক ফসল চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তার বাড়ির পাশে ৬০ শতাংশ জমি ১০ হাজার টাকায় লীজ নিয়ে এবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্টবেরির হাই-ভ্যালু ক্রপ সংগ্রহ করে কৃষি বিভাগের পরামর্শক্রমে রোপণ করেন।

বর্তমানে ৩শ’ টাকা থেকে ৪শ’ টাকা কেজি দরে তার অর্জিত স্ট্রবেরি ফল পাইকারি বিক্রি করছেন। গত বছর তার ক্ষেত থেকে প্রতি কেজি আরও বেশি দামে বিক্রি হয়েছিল। একদিকে যেমন এই ফল চাষ লাভজনক। অন্য দিকে এই ফলচাষে বাগানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকের।

এছাড়া ছামিউল এবার উন্নত ও হাইব্রিড জাতের টমেটো, মরিচ ও শশা চাষের পাশাপাশি স্ট্রবেরিসহ বিভিন্ন জাতের টিস্যু চারা বিক্রি করছেন। বিরল উপজেলার গবিন্দপুর গ্রামের যুবক শরীফুল হক বাসস’কে বলেছেন, স্টবেরি একটি বিদেশি ফল। আমাদের বিরলের মাটিতে এত সুন্দর ফল চাষ হবে এটা আমরা ভাবতেও পারিনি। ছামিউল ৬০ শতক জমিতে স্ট্রবেরি চাষ করে যে টাকা লাভ করেছেন, তা অন্য ফসল চাষাবাদে হয়তো সম্ভব হতোনা।

উদ্যোক্তা ছামিউল ইসলাম ইসলাম বলেন, আমি আধুনিক পদ্ধতিতে প্রথম স্টবেরি চাষ শুরু করেছি। এই স্টবেরি চাষ করতে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা খরচ হয়েছে। আমি আশা করছি, স্টবেরি বাগানের ক্ষেত থেকে ২ লাখ ৫০ হাজার টাকার স্টবেরি বিক্রি করতে পারবো।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন বলেন, আমি যুবক উদ্যোক্তা ছামিউল ইসলামের সফল অর্জিত স্টবেরি ফলের চাষ দেখে মুগ্ধ হয়েছি। বিরল উপজেলার মাঠে অর্জিত ফসলের ক্ষেত বা বাগানে রোগ-বালাইয়ের প্রকোপ খুবই কম হয়।

তাপামাত্রা যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে একটি সম্ভাবনাময় ফল হিসেবে স্টবেরি চাষ করা যেতে পারে। সেটি সফলভাবে কার্যকর করতে এই বিদেশি স্টবেরি ফল চাষে কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে তিনি আশ^স্ত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160086