পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৮

পাংশায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৮

রাজবাড়ীর পাংশায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার উকিল মণ্ডলের সঙ্গে দীর্ঘদিন ধরে গফুর শেখের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারাবির নামাজ শেষে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পেপুলবাড়িয়া গ্রামের খয়বর খাঁসহ কয়েকজন তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় জাহিদের নির্দেশে আবজাল, আহমদ আলী, মোহাম্মদ আলী, ঝন্টু ও মন্টুর নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

আহতরা হলেন- পেপুলবাড়িয়া গ্রামের মৃত তায়েজ উদ্দিন খাঁর ছেলে খয়বর খাঁ, রমজান আলীর ছেলে রতন আলী, মৃত ছাকেন বিশ্বাসের ছেলে লিয়াকত আলি বিশ্বাস, একেন বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, খয়বর খাঁর ছেলে রনি খাঁ ও মিরাজ খাঁ, রমজান আলীর স্ত্রী রেহেনা খাতুন এবং তাজউদ্দিনের স্ত্রী নুসরাত জাহান।

আহতদের মধ্যে রতন আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলকলেজ হাসপাতালে রেফার করেন। অন্যরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. এনামুল হক জানান, আহতদের মধ্যে রতন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/160002