ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলায় গণপিটুনিতে মিলন হাওলাদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নলছিটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শংকরপাশা এলাকায় হামলার গণপিটুনির শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিলন হাওলাদার একই এলাকার সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বুধবার মিলন স্থানীয় রিপন হাওলাদারের বসতবাড়িতে ভাঙচুর করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও তখন মিলনকে পাওয়া যায়নি। এরপর বৃহস্পতিবার সকালে মিলন এলাকায় এসে রিপন হাওলাদার ও বিল্লাল হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মিলনকে আটক করে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফ আলী জানান, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159976