যে গানের মাঝে ডুবে থাকেন শাপলা
অভি মঈনুদ্দীন ঃ শাপলা পাল, এই প্রজন্মের একজন শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। বাংলাদেশের শিল্পীদের মধ্যে তার সবচেয়ে বেশি প্রিয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। যদিও বা গুনী এই কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে সামনে থেকে দেখার সুযোগ হয়নি তার আজও। তবে শাপলা বিশ্বাস করেন হয়তো কোনো এক সুন্দর সময়ে তার সঙ্গে দেখা হবে শাপলার। জীবনের সেই বিশেষ মুহুর্তের প্রতীক্ষায় কাটে তার দিন। তবে শাপলার আরো একজন প্রিয় শিল্পী হচ্ছেন ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী শিপ্রা বসু। বলা যেতে পারে শিপ্রা বসুর গাওয়া প্রায় সবগুলো গানই শাপলার ভীষণ প্রিয়। কিন্তু দুটো গান যেন তার প্রতিদিনের বেঁচে থাকার আগামীর পথে এগিয়ে যাবার অনুপ্রেরণা হিসেবে কাজ করে। শিপ্রা বসু প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাপলা পাল বলেন,‘ শ্রদ্ধেয় শিপ্রা বসু আমার ভীষণ ভীষণ প্রিয় একজন শিল্পী। কতো যে ভালোলাগে তার গান, কেমন করে যে বুঝালে বুঝবে সবাই তিনি যে আমার কতো প্রিয় একজন শিল্পী। তার কন্ঠে গাওয়া বলা যায় সব গানই আমার খুউব ভালোলাগে। তবে যে দুটি গান আমি প্রতিদিনই বারবার শুনি সেই দুটি গান হচ্ছে তুমি না এলে জলসা ঘরে এবং আমায় তুমি চিনলে না তো। এই দুটি গানের কথা, সুর আমাকে এতোটাই আন্দোলিত করে আমি বুঝাতে পারবো না। দুটি গানের মাঝেই যেন আমি ডুবে থাকি প্রতিনিয়ত।’ শাপলা পালের কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান ছিলো কিছুদিন আগে প্রকাশিত তারেক আনন্দের লেখা ও খায়রুল ওয়াসীর সুরে ‘শিমির ভেজা পায়ে’। এছাড়াও তিনি সর্বশেষ নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ও অভিনীত ‘বাবা কেন চাকর’ সিনেমায় প্রয়াত খালিদ হাসান মিলুর গাওয়া ‘আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন’ গানটি কাভার সং হিসেবে তারই ইউটিউব চ্যানেল ‘শাপলা পাল’-এ প্রকাশ করেন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিক উজ্জামান ও সুর করেছেন আলাউদ্দিন আলী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159939