তানিয়া বৃষ্টির প্রতীক্ষায় সবাই...শুভ জন্মদিন

তানিয়া বৃষ্টির প্রতীক্ষায় সবাই...শুভ জন্মদিন

 অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের নাট্যাঙ্গনের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির আজ জন্মদিন। কিছুদিন আগেই তার ব্রেইন টিউমারের অপারেশন হয় ঢাকারই একটি হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার উত্তরাতে নিজ বাসাতেই তিনি পূর্ণ বিশ্রামে আছেন। এরইমধ্যে বৃষ্টি অপারেশন সেলাই খুলতে হাসপাতালে গিয়েছিলেন। সেলাই খোলা শেষে হাসপাতালের ডাক্তার ও নার্সদের সঙ্গে একটি ছবিতে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বৃষ্টিকে। বিগত বেশ কয়েক বছর যাবত নাটকের একজন অভিনেত্রী হিসেবে বেশ আলোচনায় রয়েছেন তিনি বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে।

আগামী ঈদেও বৃষ্টি অভিনীত বেশকিছু নাটক তার প্রচার হবে, কারণ আগামী ঈদে প্রচারের জন্য বেশকিছু নাটকের কাজ তিনি করছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর টেস্ট শেষে জানা যায় তার ব্রেইন টিউমার হয়েছে। চিকিৎসায় দেরী হলে তার ক্ষতি হতে পারে বিধায় দ্রুত ঢাকাতেই অপারেশনের ব্যবস্থা নেয়া হয় পরিবারের পক্ষ থেকে। বৃষ্টির অসুস্থায় তার বহু নাটকের পরিচালক, সহশিল্পী, প্রযোজক, অন্যান্য কলাকুশলী’সহ দেশ বিদেশের অসংখ্য ভক্তরা তার জন্য দোয়া করেছেন যেন তানিয়া বৃষ্টি দ্রুত সুস্থ হয়ে আবারো কাজে ফিরেন। বৃষ্টির কাজে ফেরার অপেক্ষায় সবাই।

তানিয়া বৃষ্টি বলেন,‘ আল্লাহর অশেষ রহমতে এবং দেশ বিদেশের অসংখ্য মানুষের দোয়ায় এই মুহুর্তে আলহামদুলিল্লাহ ভালো আছি। ডাক্তারের পরামর্শে আপাতত বাসাতেই আছি পূর্ণ বিশ্রামে। আমার বহু সহকর্মী নানান মাধ্যমে আমার খোঁজ খবর নিয়েছেন, নিচ্ছেন। আমি তাদের এই মুহুর্তে কোনো রিপ্লাই দিতে পারছিনা। তবে আমার প্রতি তাদের ভালোবাসা, স্নেহ মায়া মমতা আমি অনুভব করছি প্রতি দিন, প্রতি মুহুর্তে। সবাই আমাকে এতো ভালোবাসে, এতো অনুভব করে যেন নতুন করে জানা হলো আমার। সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে পুরোপুরি সুস্থ করে দেন। আমি যেন আবারো আমার কর্মক্ষেত্রে সুস্থ হয়ে সুন্দরভাবে ফিরতে পারি।’

একটি রিয়েলিটি শোর মধ্যদিয়ে আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে মিডিয়াতে তানিয়া বৃষ্টির অভিষেক হয়। একজন অভিনয়প্রেমী শিল্পী হিসেবে তিনি অভিনয় জীবনের শুরু থেকেই মনে প্রাণে অভিনয়ই করতে ভালোবাসতেন। বেশ কিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে তিনি বেশ প্রশংসা কুঁড়িয়েছেন।

সর্বশেষ তানিয়া বৃষ্টি রায়হান খানের ‘ট্রাইবুনাল’ সিনেমায় অভিনয় করেছেন। বৃষ্টি সর্বশেষ অভিনয়ে ভীষণ প্রশংসা কুঁড়ান সাগর জাহানোর ‘চোখটা আমাকে দাও’ ও ‘ছোবল’ নাটকে অভিনয় করে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159938