টেকনাফে নাফ নদীর তীরে এসএমজি, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীসংলগ্ন কেওড়া বাগান এলাকা থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকালে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়নের জিমংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা সূত্রে কেওড়া বাগান এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের আনাগোনার তথ্য পাওয়া যায়। ফলে সেখানে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেলের নির্দেশনায় এবং জিমংখালী বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। অভিযানে সেখানে সন্ত্রাসীদের উপস্থিতি পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় মিয়ানমারে তৈরি একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং যেকোনো সন্ত্রাসী অপতৎপরতা রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে বলে জানান উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক। সীমান্ত এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও ম্যাগাজিন টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159925