যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষিতে বাংলাদেশের দেওয়া বিবৃতির সরাসরি সমালোচনা না করে মুসলিম বিশ্বের ‘সহানুভূতি ও সমর্থন’ প্রত্যাশা করেছেন। বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান কোনো দেশের কাছে যুদ্ধের রসদ বা লজিস্টিক সহায়তা চায় না; তবে একটি মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট নিন্দা জানাবে—এটাই তেহরানের আশা।
শনিবার শুরু হওয়া হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়। ইরানি রেড ক্রিসেন্টের তথ্যমতে, নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। পাল্টা হিসেবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ দুই দফা বিবৃতি দিলেও প্রথমটিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম না থাকায় আলোচনা তৈরি হয়।
রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ ইতোমধ্যে হামলার নিন্দা জানিয়েছে। ওআইসি ও ন্যামের সদস্য হিসেবে বাংলাদেশের কাছ থেকে জোরালো প্রতিবাদ প্রত্যাশা করে ইরান। তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেনি; তবে শিক্ষার্থীদের সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খামেনি হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত’ আক্রমণ উল্লেখ করে তিনি গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ নাকচ করেন। যুক্তরাষ্ট্রের পারমাণবিক হুমকির প্রসঙ্গে তিনি বলেন, ইরান নতি স্বীকার করবে না। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোকে তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন, আগ্রাসন অব্যাহত থাকলে প্রতিরোধ যুদ্ধ চলবে। চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি থাকলেও তা সরাসরি যুদ্ধকালীন প্রতিরক্ষা চুক্তি নয় বলেও স্পষ্ট করেন তিনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159873