রামুতে ভাড়া বাসায় মিললো যুবকের মরদেহ, স্ত্রী লাপাত্তা
কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে ‘বালিশ চাপা দেওয়া’ অবস্থায় বেলাল উদ্দিন জিহাদ (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৪ মার্চ) দুপুরে ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবক বেলাল উদ্দিন রাজারকুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়ালে তালাবদ্ধ ঘরটির দরজা খুলে দেখতে মরদেহটি দেখতে পান। পরে খবর দিলে কাঁথা ও বালিশ চাপা দেওয়া দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আঁখি বেগমের (২৫) কোনো হদিস মেলেনি। আঁখি বেগম খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকার মৃত আমেনা খাতুন ও মীর আহমেদের মেয়ে।
নিহতের বেলাল উদ্দিনের বাবা আবুল কাশেম অভিযোগ করে বলেন, ছেলের স্ত্রী পরিকল্পিতভাবে তাকে হত্যা করে পালিয়ে গেছে। তার ফাঁসির দাবি করেন তিনি।
রামু থানার পরিদর্শখ (তদন্ত) শেখ মো. ফরিদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা যাচ্ছে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার মূল কারণ উদঘাটন হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।