খুলনায় নিখোঁজ ব্যবসায়ী সুজন উদ্ধার

খুলনায় নিখোঁজ ব্যবসায়ী সুজন উদ্ধার

অবশেষে খুলনায় নিখোঁজ ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজনের সন্ধান পাওয়া গেলো।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে সুজনকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকার একটি মসজিদ থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান।

সুজনের বাবা বলেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে এক ব্যক্তি কল দিয়ে জানায়, সেখানের একটি মসজিদ থেকে ছেলেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শারীরিক অবস্থার কিছুটা উন্নত হলে তাকে ঢাকার বাড়িতে রাখা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন এ মুহুর্তে তার বিশ্রামের প্রয়োজন। সুস্থ্য হলে তাকে খুলনায় আনা হবে। কিভাবে সুজন নিখোঁজ এবং কিভাবে উদ্ধার করা হল তা সাংবাদিকদের সামনে সকল কিছু জানানো হবে।

খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, সুজনের বাবা কাজী আব্দুস সোবহান ফোন করে ছেলের উদ্ধার হওয়ার বিষয়টি অবগত করে এবং ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন।

অনেক খোঁজাখুজির পর তার কোন খোঁজ না পেয়ে সুজনের বাবা কাজী সোবহান স্থানীয় থানায় জিডি করেন। ছেলেকে উদ্ধারের জন্য সুজনের বাবা কাজী আব্দুস সোবহান

খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এবং খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেন।

 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159821