ফরিদপুরের ভাঙ্গায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় বুলবুল সরদার (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের হায়দার সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়িতে বুলবুল সরদারের ঘরের দরজা বন্ধ দেখে তার মা ও বোন তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেলে তারা চিৎকার করে দরজা খুলতে বলেন। কিন্তু ভেতর থেকে দরজা না খুললে তারা দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হলে পথে তিনি মারা যান। পরে ভাঙ্গা থানায় খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুলবুল বিবাহিত ও এক সন্তানের জনক।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম জানান, মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159817