দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন বাজারে মরা মুরগি বিক্রি করার অভিযোগ
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন বাজারে মরা মুরগি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টায় উপজেলার বেলতলী বাজারে ঘটেছে।
এলাকাবাসী জানায়, উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের জনৈক মুরগির খামার ব্যবসায়ী মরা মুরগি কয়েকটি বস্তায় করে এনে তারাবির নামাজের পর রাত ৯টায় বেলতলী বাজারে সড়কের ওপর কম দামে বিক্রি শুরু করে।
এসময় স্থানীয় জনতা প্রতিবাদ জানালে মরা মুরগি বিক্রেতা সবার সাথে দুর্ব্যবহার শুরু করে। এক পর্যায়ে পরিস্থিতি উপ্তপ্ত হয়ে উঠলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, তিনি পুলিশ পাঠান। তবে পুলিশ পৌঁছার আগেই ওই ব্যবসায়ী মরা মুরগিগুলো নিয়ে সুখীপীর বাজারের দিকে পালিয়ে যায়। ঘন্টাখানেক পর পুলিশ এলেও সুখীপীর বাজারসহ কোথাও মুরগি ব্যবসায়ীকে পাওয়া যায়নি।
মুরগি ব্যবসায়ী জানায়, খামারে মুরগিগুলো খুব অসুস্থ হয়ে যাওয়ায় খামারেই জবাই করা হয়েছিল। গত ৩ দিন ধরে বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছিল। এ বাজারে আসাতে ঝামেলা করছে জনগণ। উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী বলেন, মরা মুরগি ও অসুস্থ মুরগি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজে কোন খামার মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159814