চাঁদপুরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকা থেকে অলক কুমার মোহন্ত (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি ওই এলাকার মতিন মৃধার ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাস ধরে অলক কুমার মোহন্ত ওই বাসায় ভাড়া থাকছিলেন। মঙ্গলবার সারাদিন তার কক্ষের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির মালিকের। ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে তাকে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।

পরে বিষয়টি মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। নিহত অলকের বাড়ি রাজশাহী জেলার নওগাঁ সদর উপজেলার নিয়ামতপুরে। তার পিতার নাম অমল মোহন্ত।

বাড়ির মালিক মতিন মৃধা জানান, সারাদিন দরজা বন্ধ থাকায় তার সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় জানালা খুলে অলককে বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অলকের সহকর্মীরা জানান, গত ২ মার্চ তিনি কাজে এসেছিলেন। তবে মঙ্গলবার কর্মস্থলে না আসায় এবং মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া না পাওয়ায় তারা উদ্বিগ্ন ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159773