বগুড়ার ধুনটে প্রতারকের খপ্পরে ডেকোরেটর ব্যবসায়ী
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলার গোসাইবাড়ি সাতমাথা এলাকায় আরকে ডেকোরেটর থেকে ভাড়া নেয়ার কথা বলে এক প্রতারক বিভিন্ন সামগ্রী নিয়ে লাপাত্তা হয়ে গেছে। তবে প্রতারক তার ব্যবহৃত মোটরসাইকেলটি ওই ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানে রেখে গেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুবেল মন্ডল থানায় লিখিত অভিযোগ করেছেন। রুবেল মন্ডল উপজেলার গোসাইবাড়ি গ্রামের সোবাহান মন্ডলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর ২টায় অজ্ঞাত এক যুবক নিজেকে স্থানীয় বড়বিলা গ্রামের তারেক নামে পরিচয় দিয়ে মোটরসাইকেলযোগে আরকে ডেকোরেটর ব্যবসা প্রতিষ্ঠানে আসে। সে বড়বিলা বাজার এলাকায় ইফতার ও দোয়া মাহফিলের কথা বলে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু ডেকোরেটর সামগ্রী ভাড়া করে অটোভ্যানে তুলে নিয়ে যায়।
এসময় পরে এসে নিয়ে যাওয়ার কথা বলে তার ব্যবহৃত মোটরসাইকেলটি (নম্বর সিরাজগঞ্জ-হ-১২-৭৯২১) ওই ব্যবসা প্রতিষ্ঠানে রেখে যায় এবং ডেকোরেটর সামগ্রীগুলো সন্ধ্যায় ফেরত দেয়ার কথাও বলে। এ অবস্থায় পরের দিন আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ডেকোরেটর সামগ্রী ফিরিয়ে দেয়নি তারেক নামে ওই প্রতারক এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
তার দেওয়া নাম ঠিকানাও ভুয়া। প্রতারকের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ডেকোরেটর সামগ্রী নিয়ে গেলেও তার রেখে যাওয়া মোটরসাইকেলটির মূল্য প্রায় ৪০ হাজার টাকা। তবে তার মোটরসাইকেলটি নিয়ে স্থানীয়দের মাঝে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রুবেল মন্ডল বাদি হয়ে ভুয়া পরিচয় দেয়া তারেকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, ব্যবসায়ীর অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159676