বাবার জানাজায় অংশ নিতে যাবজ্জীবন আসামির প্যারোলে মুক্তি

বাবার জানাজায় অংশ নিতে যাবজ্জীবন আসামির প্যারোলে মুক্তি

মৃত বাবার জানাজা ও দাফন সম্পন্ন করতে পুলিশ পাহারায় এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ফজলুর রহমান।

আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় রাজবাড়ী জেলা সদরের ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় বাবার জানাজায় অংশ নেন তিনি।

ফজলুর রহমান ওই গ্রামের মৃত খালেক প্রামাণিকের ছেলে। বর্তমানে তিনি একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফজলুর রহমানের বাবা খালেক প্রামাণিক বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাবাকে শেষ দেখা এবং জানাজায় অংশ নেওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। মানবিক কারণে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র এক ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেন।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কড়া পুলিশ পাহারায় ফজলুর রহমানকে তার নিজ গ্রামে নিয়ে আসা হয়েছিল। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টায় তাকে পুনরায় কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159669