প্রবাসী ভোটারদের অপেক্ষমাণ আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

প্রবাসী ভোটারদের অপেক্ষমাণ আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মব্যস্ততার কারণে ঝুলে থাকা প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

স্থানীয় তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে এসব আবেদন নিষ্পত্তি করতে মাঠপর্যায়ের উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। দেশের সব থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে ইতিমধ্যে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম করেছেন। তাঁদের এই শ্রমের ফলেই নির্বাচনটি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে কমিশন।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের হাইকমিশন, দূতাবাস ও কনস্যুলেট অফিসগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এসব অফিসে বায়োমেট্রিক প্রদানকারী ভোটারদের স্থানীয় তদন্তের কাজটি সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সম্পন্ন করা হয়। জাতীয় নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় প্রবাসীদের অসংখ্য আবেদন বর্তমানে তদন্তাধীন বা ‘পেন্ডিং’ অবস্থায় রয়েছে, যা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে চিঠিতে ঝুলে থাকা আবেদনগুলোর স্থানীয় তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশন বিশ্বের ৪০টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে ইতিমধ্যে ১১টি দেশে (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র) এই কার্যক্রম শুরু হয়েছে।

অবশিষ্ট ২৯টি দেশে (ওমান, বাহরাইন, লেবানন, জর্ডান, লিবিয়া, সুদান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, হংকং, মিশর, ব্রুনাই, মরিশাস, ইরাক, গ্রিস, স্পেন, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নিউজিল্যান্ড, রাশিয়া, তুরস্ক ও সাইপ্রাস) অগ্রাধিকার ভিত্তিতে এ কার্যক্রম শুরু করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159659