বগুড়ার ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেয়া শিক্ষিকাকে অব্যাহতি
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক আফরিনা রহমানের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠে। এ ঘটনায় দৈনিক করতোয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশ হওয়ার পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ধুনট উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপিতি প্রীতিলতা বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টি আগে জানা ছিল না। তবে করতোয়ায় প্রতিবেদন প্রকাশের পর প্রধান শিক্ষকের মাধ্যমে শিক্ষিকা আফরিনা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ২৬ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি গ্রহণের আবেদন করেন। তার আবেদনটি আমলে নিয়ে বিধিমোতাবেক ওই শিক্ষিকাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বগুড়া সদরের আতাউর রহমানের মেয়ে আফরিনা রহমান ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান (এসটিআরসিএ) কর্তৃক সহকারী শিক্ষক (গণিত) পদে চূড়ান্ত নিয়োগের সুপারিশপ্রাস্ত হন। বিধিমোতাবেক আফরিনা রহমান ২০২৩ সালের ১ অক্টোবর ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি মাসে একদিন কর্মস্থলে এসে হাজিরা খাতায় পুরো মাসের সই করে ইএফটি’র (ইলেকট্রনিক ফান্ড টান্সফার) মাধ্যমে ব্যাংক থেকে বেতনের টাকা উত্তোলন করতে থাকেন। এ বিষয়টি অনুসন্ধান করে ২৫ ফেব্রুয়ারি দৈনিক করতোয়ায় ধুনটে কর্মস্থলে অনুপস্থিতি থেকেও বেতন তোশের শিক্ষিকা-শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম বলেন, পারিবারিক সমস্যার বিষয় উল্লেখ করে আফরিনা রহমান অব্যাহতির জন্য আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার তার আবেদনটি মঞ্জুর করেছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ৩ মার্চ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159588