চাঁপাইনবাবগঞ্জে এক মাসে জব্দ ৪৫ ভারতীয় গবাদিপশু

চাঁপাইনবাবগঞ্জে এক মাসে জব্দ ৪৫ ভারতীয় গবাদিপশু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে গত একমাসে ৪৫টি ভারতীয় গবাদিপশু জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় সোয়া এক কোটি টাকা। বিজিবি জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ১০টি ভারতীয় গবাদি পশু চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩’বিজিবি) আওতাধীন এলাকা থেকে জব্দ করা হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসজুড়ে ৫৩ বিজিবি আওতাধীন সদর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে প্রায় পৌনে ১ কোটি টাকা মূল্যের ৩৫টি ভারতীয় গবাদিপশু জব্দ করে জেলা শুল্ক কার্যালয়ে জমা করে।

৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গতকাল সোমবার সকালে দু’টি পৃথক অভিযানে সদরের চরবাগডাঙ্গা বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম হতে ৮টি এবং সদরের বাখের আলী বিওপি টহলদল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচচুর চর গ্রাম হতে ২টি ভারতীয় গরু জব্দ করে।

জব্দ ওই ১০টি গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ৫৩ বিজিবি ৩৩টি গরু এবং ২টি মহিষ জব্দ করে। সীমান্তে বিজিবি চোরচালান রোধে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বলেও জানান বিজিবি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159554