বগুড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপি নেতাদের হাতাহাতি
স্টাফ রিপোর্টার : বগুড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র জমাদানের সময় জেলা নির্বাচন অফিসে দলীয় নেতাদের মধ্যে ধাক্কা ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনা মহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আজ সোমবার (২ মার্চ) দিনভর আলোচনায় ছিলো এই ঘটনা।
আজ সোমবার (২ মার্চ) দুপুরের বগুড়া-৬ (সদর) আসনের উপ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী রেজাউল করিম বাদশা সিনিয়র নেতাদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় জেলা বিএনপির সিনিয়র নেতা আলী আজগর তালুকদার হেনা দলের অন্য নেতা শেখ তাহা উদ্দিন নাহিনকে সরে যেতে বলেন।
এই ঘটনায় নাহিন উত্তেজিত হয়ে হেনার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এর পর তিনি তার উপর চড়াও হন। এসময় অন্য নেতারা তাদেরকে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে নেন ও সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিয়ে ফিরে আসেন।
মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়ন পত্র জমা দিতে নির্বাচন অফিসে যান দলের বিপুল সংখ্যক নেতা কর্মী। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা ধাক্কা ধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত অন্য জ্যেষ্ঠ নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। তিনি নাহিনকে সরে যেতে বললে তিনি উত্তেজিত হনএবং পরবর্তিতে চড়াও হন। বিএনপির একাধিক সিনিয়র নেতৃবৃন্দ কোন মন্তব্য না করলেও তারা বলেছেন মনোনয়নপত্র জমাদানের সময় একন ঘটনা তাদেরকে লজ্জিত করেছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তাকে মুঠো ফোনেও পাওয়া যায়নি। বগুড়া-৬ সদর আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159547