বিশ্বকাপ দলে নেইমারকে চান রদ্রিগো

বিশ্বকাপ দলে নেইমারকে চান রদ্রিগো
বিশ্বকাপে আরও একবার নেইমারের ঝলক? অসংখ্য ফুটবলভক্তের কাছে এই প্রশ্নের উত্তর শুধু 'হ্যাঁ'। তবুও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই ব্রাজিলিয়ান সুপারস্টারের উপস্থিতি এখনও অনিশ্চিত। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখনো সিদ্ধান্ত নেননি নেইমারকে বিশ্বকাপ দলে ডাকবেন কি না। তবে তার এক সতীর্থ শুধু তাকে দলে চানই না, বরং বলেছেন, ‘আমাদের তাকে দরকার।’
 
সব দলই ইতিমধ্যে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিচ্ছে। নেইমারের জায়গা নিশ্চিত না হলেও তিনি নিজে এই আসর মিস করতে চান না। রিয়াল মাদ্রিদ তারকা রদ্রিগো গোয়েস অবশ্য মনে করেন, নিশ্চিতভাবেই নেইমারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হওয়া উচিত। তার মতে, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নেইমার ছাড়া অপূর্ণ থেকে যাবে।
 
 
কেজ টিভির উম দিয়া কম... অনুষ্ঠানে রদ্রিগো বলেন, ‘বিশ্বকাপে নেইমার? আমার মতে, এটা নিয়ে কোনো আলোচনাই হওয়ার কথা না।’
 
গত মৌসুমে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নেইমার দলটিকে অবনমন এড়াতে সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর ২২ ডিসেম্বর ২০২৫ তিনি হাঁটুর মিডিয়াল মেনিস্কাস ইনজুরির চিকিৎসার জন্য অস্ত্রোপচার করান। নতুন মৌসুমেও সবশেষ ম্যাচে আলো ছড়িয়ে জোড়া গোল করেছেন।
 
 
নেইমারের শারীরিক অবস্থা এবং বিশ্বকাপের উচ্চ প্রতিদ্বন্দ্বিতা এই দুই বিষয়ই আনচেলত্তিকে বিবেচনায় নিতে হবে। সাম্প্রতিক সময়ে তিনি তার সেরা ফর্মের ঝলক দেখালেও, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার ফিটনেস এবং কোচের পরিকল্পনার ওপর।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান কোচ ইতোমধ্যে ২৬ সদস্যের দলে ১৮ জনের নাম চূড়ান্ত করেছেন, তবে সেখানে নেইমারের নাম নেই। যদিও রদ্রিগো মনে করেন, কোচের সিদ্ধান্তে বদল আসতে পারে।
 
উল্লেখ্য, ২০২৪ সালেও রদ্রিগো প্রকাশ্যে বলেছিলেন, শিরোপা জিততে হলে ব্রাজিলের ফিট নেইমার প্রয়োজন। বিশ্বকাপে ব্রাজিল ‘গ্রুপ সি’তে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৩ জুন নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/159487