বান্দরবানে আগুনে ছয়টি বসতঘর ও দোকান ভস্মীভূত
বান্দরবান শহরে উজানী পাড়ায় আগুনে ৬টি বসতঘর এবং একটি দোকান ভস্মীভূত হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) সকালে শহরে পৌরসভার এলাকার ৫ নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, সকাল পৌনে ছয়টার দিকে আগুন লাগার খবর পান তারা। ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিমন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে ৫টি ঘরবাড়ি এবং একটি রেস্টুরেন্ট সম্পূর্ণ পুড়ে যায়। তার পাশে একটি বিল্ডিংয়ের একটি ফ্লোরও ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সাড়ে পাঁচটার দিকে একটা রেস্টুরেন্টের রান্না ঘর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। পাশে কয়েকটি বাড়ি বেড়া ঘর হওয়ায় তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।